ভরা শ্রাবণ মাসে পুকুর নদী ভাসে
টিপির টিপির জলে,
লাল দোপাটি হাসে বৃষ্টি ভেজা ঘাসে
নিত্য খেলার ছলে।
ব্যাঙ-ব্যাঙাচি ডাকে হয়তো তাদের মাকে
মিষ্টি মধুর সুরে,
পাখপাখালি হাঁকে বুড়ো গাছের ফাঁকে
এদিক সেদিক ঘুরে।
খুশির ঝিলিক ঝরে শিশুর মনের ঘরে
বাদলী হাওয়া মেখে,
বায়না কত ধরে স্বপ্ন থরে থরে
আকাশটা দেয় এঁকে।
স্বপ্নগুলো এঁকে মাকে দেখায় ডেকে
যাচ্ছে তরী ভেসে,
কোথাও বা যায় বেঁকে বালি কাদা মেখে
সবুজ হাসি হেসে।
স্বপ্ন যে যায় উড়ে যাচ্ছে পাহাড় চূড়ে
নয়তো নতুন দেশে!
দেখছি নয়ন জুড়ে আসবে আবার ঘুরে
রঙিন ছদ্মবেশে।
Leave a Reply