রান্না ঘরের ঘুলঘুলিতে চড়াই পাখির বাসা
নিত্য যাওয়া আসা
খুদ ছড়িয়ে মা তাকে রোজ দেয় যে ভালোবাসা।
রাত্রি হলেও যায় না বনে পাঁচিল ঘেঁষে থাকে
কার্নিসের ঐ বাঁকে
মাঝ রাতে সে মধুর সুরে মাকে নাকি ডাকে।
সকাল হলেই এদিক সেদিক বেড়ায় উড়ে উড়ে
সারা উঠোন জুড়ে
মা তাকে দেয় আদর করে গমের দানা গুঁড়ে।
মা আমাকে বলেই থাকে তুইও আমার পাখি
তুই-ই আমার আঁখি
স্নেহের আঁচল ঢাকা দিয়ে তাই তো তোকে রাখি।
Leave a Reply