খাতার পাতায় নৌকা করে যেই ভাসালাম জলে
তরতরিয়ে দিঘির জলে কোথায় গেল চলে,
কোথায় গেল কেমন করে কোন সে জাদুবলে
বোঝার আগেই হারিয়ে গেল সুদূর পানে, ছলে।
ভেবেছিলাম নৌকা চড়ে যাব আমি ভেসে
মনের সুখে ঘুরবো আমি নিত্যনতুন দেশে,
ভিন দেশীদের হাজার কথা শুনবো হেসে হেসে
আমার তরী আমায় ছেড়ে গেল নিরুদ্দেশে।
জানিনা সে ফিরবে কিনা আবার আমার কাছে
নদী আমার স্বপ্নগুলো খাবে না তো পাছে!
বুকের মাঝে স্বপ্ন রাশি গোপনেতে নাচে
খাতার পাতায় মনের কথা কত লেখা আছে।
আমার কথা দেশবিদেশের সবাই যদি জানে
হয়তো তারা তাদের কথা বলবে কানে কানে,
কিংবা হাওয়ায় ছড়িয়ে দেবে ভালোবাসার গানে
নয়তো রাগে মারবে আমায় তাদের গোপন বাণে।
জানিনা কি লেখা আছে আমার পোড়া ভালে
খেলারছলে অজানা ভুল করেছি বদ তালে,
হয়তো নিজেই পড়ে গেলাম নিজের কাটা খালে
মরছি ভয়ে, জড়িয়ে গেলাম হয়তো নিজেই জালে?
Leave a Reply