Category: কবিতা

  • ইচ্ছে করে

    ইচ্ছে করে ফুল বাগানে গিয়ে
    দিই পুতুলের বিয়ে
    জমকালো এক বাসর সাজাই
    ফুলের তোড়া দিয়ে।

    রান্না করি পাথর ধুলো বালি
    দেখুক নাকো মালি
    বর কনেকে বরণ করি
    দিয়ে বরণ ডালি।

    ভোজ খেয়ে যাক পাখপাখালী এসে
    আনন্দে যাক ভেসে
    সানাই বাজাক মৌমাছিরা
    গুনগুনিয়ে হেসে।

    ফুলপরি এক উঠুক গেয়ে গীতি
    চলুক মিলন তিথি
    গাছের ছায়ায় সুখের বাতি
    হোক পুতুলের প্রীতি।

  • শরৎ বিকেল

    ছাই রাঙা মেঘ কাশের বনে
    যাচ্ছে ভেসে আপন মনে
    বলছে কথা হেসে হেসে
    কার সাথে কোন আপনজনে।

    পুব আকাশে যাচ্ছে চলে
    হয়তো কোন গাছের তলে
    মেঘের ভেলা ছুটছে যেন
    স্বপ্ন বুকে হাসির ছলে।

    সূর্য দেখি যাচ্ছে ঢেকে
    দুলছে যে কাশ এঁকেবেঁকে
    মনের খাতায় নিচ্ছি আমি
    মন তুলিতে স্বপ্ন এঁকে।

    কল্পনাতে একটা পাখি
    উড়ছে যেন মেলে আঁখি
    সবার সাথে করছি আমি
    ব্যালকনিতে মাখামাখি।

  • মায়ের মুখ

    সবাই আমায় খারাপ বলে
    বলে নি তো মায়ে
    তাইতো আমি সে সব কথা
    মাখি নাকো গায়ে।

    কেউ বা বলে হতচ্ছাড়া
    কেউ বা বলে পাজি
    শুনে শুনে কান ভরে যায়
    শুনতে তবু রাজি।

    মা তো আমায় পাগল বলে
    বলে সোনার খনি
    আঁচল দিয়ে মুখ মুছে দেয়
    মা যে নয়ন মনি।

    পরের কথায় কি আসে যায়
    মা যদি রয় পাশে
    মায়ের মুখেই পৃথিবীটা
    আমার চোখে ভাসে।

  • আম

    বন বন
    শন শন
    বায়ু বয় আনমনে
    তাই শুনে
    ছুটে যাই
    দ্রুত বেগে আম বনে।

    পাকা আম
    চুষে খাই
    চুপি চুপি ঝটপট
    আঁটি তার
    খেতে গিয়ে
    দাঁত করে খটমট।

    হায় হায়!
    লাজে মরি
    যদি কেউ জেনে যায় ?
    কি যে করি
    ভেবে ভেবে
    মন করে হায় হায়!

  • টিফিন মানে

    টিফিন মানেই হৈ হুল্লোড়
    ঘাসে লুটোপুটি
    টিফিন মানেই লাগামছাড়া
    রোদে ছুটোছুটি।

    টিফিন মানেই থালায় থালায়
    ভাতের সুবাস ভাসে
    দাঁত খিঁচিয়ে বিবর্ণ ডাল
    খিলখিলিয়ে হাসে।

    টিফিন মানেই কানামাছি
    কিংবা রুমাল চুরি
    গুঁতোগুতি মারামারি
    খুশি ভুরি ভুরি।

  • খুব কি হতো ক্ষতি

    আচ্ছা মাগো
    ইচ্ছে আমার করছি অবগতি
    আমি যদি হতেম প্রজাপতি
    খুব কি হতো ক্ষতি?

    কেমন হতো
    থাকতো আমার রঙিন ডানা
    করতো না কেউ উড়তে মানা
    খুব কি হতো ক্ষতি?

    ইচ্ছে খুশি
    রঙ ছড়াতাম ফুলে ফুলে
    উঠতো গাছের পাতা দুলে
    খুব কি হতো ক্ষতি?

    সবাই মিলে
    তিন জোড়া পা দেখতো চেয়ে
    খুশির জোয়ার আসতো ধেয়ে
    খুব কি হতো ক্ষতি?

    বলো না মা
    আগলে বুকে আঁচল দিয়ে
    করতে আদর কাছে নিয়ে
    খুব কি হতো ক্ষতি?